
গত বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ছিল স্কুইড গেম। আর মুক্তির পর দর্শক উন্মাদনাও দেখা গিয়েছে তেমন।
দক্ষিণ কোরিয়ার সারভাইভাল থ্রিলার স্কুইড গেম দ্বিতীয় সিজনেও তুমুল সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ভাগ্যবদল আর মৃত্যুর খেলা নিয়ে আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে ফিরে এসে তোলপাড় ফেলে দিয়েছে নেটফ্লিক্সের সেরা এই আবিষ্কার।ফের দর্শক মাতিয়ে শীর্ষস্থানে স্কুইড গেম। এরই মধ্যে নতুন এক খবর,ঘোষণা করা হয়েছে তৃতীয় সিজনের। বহুল প্রত্যাশিত সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায় ২৬ ডিসেম্বর।এ সিজনের গল্প শুরু হয় প্রথম সিজনের শেষ অংশ থেকেই।প্লেয়ার নাম্বার ৪৫৬ আবারও ফিরে আসে ভাগ্য পরীক্ষার মঞ্চে।তবে এবার প্রতিশোধের আগুন নিয়ে। সে কি পারবে জীবনের বিনিময়ে ভাগ্যবদলের এই খেলা বন্ধ করতে? নাকি এবারও মৃত্যুর কোলে ঢলে পড়বে অসংখ্য নিরীহ মানুষ।তা জানার জন্য হুমড়ি খেয়ে পড়েছে দর্শকরা। ফলে স্ট্রিমিংয়ের পর পরই সাড়া বিশ্বে রীতিমতো তোলপাড়। স্ট্রিমিংয়ের প্রথম চার দিনেই এটি ৪৮৭ মিলিয়ন ঘণ্টা ভিউয়ের রেকর্ড গড়েছে। বলা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহে নন-ইংলিশ সিরিজগুলোর মধ্যে সবচেয়ে বেশী দেখা সিরিজ হিসেবে ইতিহাস করেছে এই কোরিয়ান সিরিজটি।হোয়াং দং-হিউক পরিচালিত এই সিরিজটি এই মুহূর্তে বিশ্বের ৯২টি দেশে ১ নম্বর স্থানে রয়েছে।এদিকে স্কুইড গেমের ঝড়ের মাঝেই নতুন ঝড়ের পূর্বাভাস দিয়েছে সিরিজটির নির্মাতা সংস্থা নেটফ্লিক্স।নতুন বছরের প্রথম দিনে স্কুইড গেম ফ্যানদের উদ্দেশে নেটফ্লিক্স জানিয়েছে, চলতি বছরেই স্কুইড গেম-এর তৃতীয় সিজন আসছে।
যদিও নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি নেটফ্লিক্স। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে,এ বছর ২৭ জুন নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে যাচ্ছে স্কুইড গেম-এর তৃতীয় সিজন।








