
শিশুদের জন্য নতুন এক গেমিং অ্যাপ চালু করেছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। আট বছর বা তার কম বয়সীদের জন্য তৈরি এ অ্যাপটি বিজ্ঞাপনহীন ও ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে। স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য প্লেগ্রাউন্ড নামের এক ফ্রি অ্যাপ চালু করেছে প্লাটফর্মটি।
নেটফ্লিক্সের যে কোনো সাবস্ক্রিপশন থাকলেই গেমটি খেলা যাবে।নেটফ্লিক্স বলেছে, এ গেমে কোনো বিজ্ঞাপন নেই এবং আলাদা করে কিছু কেনাকাটারও প্রয়োজন পড়বে না।ইন্টারনেট বা ওয়াইফাই ছাড়াও কাজ করবে এই গেম। প্লাটফর্মটি বলেছে, দীর্ঘ প্লেন ভ্রমণ বা কেনাকাটা করতে যাওয়ার সময় শিশুদের ব্যস্ত রাখার জন্য এক চমৎকার মাধ্যম হতে পারে গেমটি।কোম্পানিটি শিশুদের জন্য ক্রমান্বয়ে বাড়তে থাকা গেমের লাইব্রেরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। প্ল্যাটফর্মটি বেশ কিছু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে তৈরি গেম দিয়ে যাত্রা শুরু করেছে। যার মধ্যে রয়েছে প্লেটাইম উইথ পেপ্পা পিগ, যা পেপ্পা ও তার বন্ধুদের নিয়ে সাজানো অনেকগুলো ছোট ছোট গেমের এক সংগ্রহ।সিসেমি স্ট্রিট-এর ওপর ভিত্তি করে একটি গেম রয়েছে, যেখানে শিশুরা তাদের প্রিয় এলমো, বিগ বার্ড,কুকি মনস্টার, অস্কার ও অন্যান্য জনপ্রিয় পাপেট বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবে। এছাড়াও ছোট ছোট গেমের একটি সংগ্রহ রয়েছে, যার মধ্যে মেমোরি কার্ড গেইম, ডট মেলানোর গেম’সহ আরও কিছু রয়েছে।এ তালিকায় ড. স্যুস-এর গল্পের ওপর ভিত্তি করে কিছু গেম ও ব্যাড ডাইনোসর্স শো-এর আদলে এক রেসিং গেমও রয়েছে। প্ল্যাটফর্মটিতে স্টিকার বুক কালেকশন এবং জিগস পাজল বা এক ধরনের ছবির ধাঁধার মতো বিষয়ও রয়েছে।
কেবল এই গেমগুলো নয়, নেটফ্লিক্সের এখানকার প্রতিটি গেমই ছোট শিশুদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে।নেটফ্লিক্স প্লেগ্রাউন্ড অ্যাপটি বর্তমানে আমেরিকাসহ বিশ্বের অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। ২৮ এপ্রিল তা বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে।
