
এবার বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকার।রবিবার বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের পরিচালক জনসংযোগ ফয়সল হাসান এই খবর জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহু ভিনদেশি নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অবিলম্বে তাদের বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হচ্ছে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও মন্ত্রকের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। অন্যদিকে, জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে আরও মামলার আবেদন করা হয়েছে। জানা গিয়েছে, চিন্ময়কৃষ্ণ দাশ-সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন করেছেন এনামুল হক নামের এক ব্যবসায়ী।
আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে। আদালত চত্বরে থাকা গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।








