
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লিতে বিনায়ক দামোদর সাভরকরের নামাঙ্কিত কলেজের শিলান্যাস উদ্বোধন নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। শুক্রবার দিল্লির নজফগড়ের কাছে নতুন একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওই কলেজটি তৈরিতে খরচ হওয়ার কথা ১৪০ কোটি টাকা। ২০২১ সাল নাগাদ এই কলেজ নির্মাণের সিদ্ধান্ত নেয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল। বিতর্কটা শুরু হয় ওই কলেজটির নাম বীর সাভারকরের নামে করার সিদ্ধান্ত নিতেই। দিল্লির বুকে বীর সাভারকরের নামে কলেজ তৈরিতে তীব্র আপত্তি কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের। তাদের দাবি যদি কারও নামে কলেজ খুলতেই হয়, তাহলে সেটা খোলা হোক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামে।ইতিমধ্যেই এনএসইউআইয়ের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ওই কলেজের নাম মনমোহন সিংয়ের নামে করার দাবি জানানো হয়েছে। কংগ্রেসের দুই সাংসদও এই একই দাবি তুলেছেন। এনএসইউআইয়ের সভাপতি বরুণ চৌধরির দাবি, অর্থনীতিবিদ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন দেশজুড়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন।
তাই দিল্লির নতুন কলেজ তাঁর নামে হওয়া উচিত। পাল্টা দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, বীর সাভারকর স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মনীষীদের অসম্মান করা কংগ্রেসের অভ্যাস।









