
আমেরিকার টাঁকশালে নতুন মুদ্রা বা কয়েন তৈরি না করতে সে দেশের অর্থ দফতরকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছেন তিনি।
এ ক্ষেত্রে তাঁর যুক্তি, আমেরিকায় একটি মুদ্রা ছাপাতে প্রয়োজনের অতিরিক্ত খরচ হয়। বিষয়টিকে অপব্যয় বলে ব্যাখ্যা করেছেন তিনি। আমেরিকায় এক পেনির মুদ্রামান হল এক ডলারের মাত্র এক শতাংশ। ট্রাম্পের দাবি, সেই পেনি তৈরি করতেই খরচ হয় এক ডলারের দুই শতাংশ। দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশ করেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি ব্যয়সঙ্কোচ করতে চান। মনে করা হচ্ছে, ব্যয় কমানোর সেই সামগ্রিক ভাবনা থেকেই এ বার নতুন মুদ্রা তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করলেন তিনি। তবে ইতিমধ্যেই আমেরিকার অর্থ ব্যবস্থায় যে মুদ্রা বা পেনি ব্যবহৃত হয়, সেগুলির ভবিষ্যৎ কী হবে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট কানাডা-মেক্সিকোর অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, এই নতুন শুল্কের বিষয়ে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করবে হোয়াইট হাউস। তাৎপর্যপূর্ণ ভাবে, কানাডা হল আমেরিকার ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও হিসাবটা অনেকটা তেমন। উভয় ক্ষেত্রেই তালিকায় দ্বিতীয় মেক্সিকো।
