
নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার জন্য রেলের অবহেলা দায়ী। কেন্দ্রকে একযোগে নিশানা করে এমনই দাবি করেছে বিরোধীরা। গোটা ঘটনায় রেলের ব্যর্থতাকেই দুষেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাশাপাশি কেন্দ্র সরকারকে অসংবেদনশীল বলে তোপ দাগেন তিনি। রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, বর্তমানে প্রয়াগরাজে বহু পুণ্যার্থী যাচ্ছেন।
এই পরিস্থিতিতে স্টেশনে আরও ভালো ব্যবস্থাপনা করা উচিত ছিল। অব্যবস্থার কারণে যাতে কারও মৃত্যু না হয় তা প্রশাসনের নিশ্চিত করা উচিত। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে রেলের নির্লজ্জ প্রচেষ্টা। আরও মোদির পার্ট টাইম রেলমন্ত্রীর হাত রক্তাক্ত হল। কোনও দায়িত্ববোধ থাকলে, অবিলম্বে পদত্যাগ করুন অশ্বিনী বৈষ্ণব, এক্স হ্যান্ডল পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলের। কংগ্রেস নেতা কে সি বেণুগোপালও একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তোপ দাগেন কেন্দ্র সরকারকে। তিনি বলেন, দেশের রাজধানীতে এ ধরনের ঘটনা প্রমাণ করে যে কেন্দ্র সরকার অত্যন্ত অযোগ্য এবং শুধুমাত্র প্রচার করতে পারে। আসলে পরিস্থিতি সামাল দিতে পারে না। বিএসপি সুপ্রিমো মায়াবতীও রেলকে দুষেছেন।
রেলের গুরুতর অবহেলা এই ঘটনার জন্য দায়ী এবং এই অবহেলার নেপথ্যে থাকা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছেন এই নেত্রী। এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, বিজেপি সরকার গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আদালতের পর্যবেক্ষণে সিট গঠন করে এই ঘটনার তদন্ত করা উচিত এবং রেলের পদ্ধতিগত ব্যর্থতার বিষয়ে তদন্তের জন্য স্বতন্ত্রভাবে তদন্ত করা উচিত।









