
গত ১২ জুন দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটির ডানদিকের ইঞ্জিন পরিবর্তনা করা হয়েছিল গত মার্চ মাসেই। বাঁ দিকের ইঞ্জিনটিও পরীক্ষা করা হয়েছিল গত এপ্রিলে। এয়ার ইন্ডিয়ার মহারাজা ক্লাবে ইমেল মারফত এমনটাই জানিয়েছেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন।
তাঁর আরও দাবি, সুরক্ষার সঙ্গে কোনও আপস করেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তিনি আরও জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমানকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ২৬টি বিমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তারপরেই সেগুলিকে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে ওই বিমান দুর্ঘটনার এক সপ্তাহ পর দর্ঘটনাস্থলে শেষ হয়েছে মুখ্য তথ্য সংগ্রহ ও উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা গেছে, উড়ানের ঠিক আগে কোনও সমস্যা ধরা পড়েনি ওই বিমানে। তবে কী কারণে ভেঙে পড়েছিল ওই বিমান ব্ল্যাক বক্স থেকে সেসব তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা।







