
নতুন আইপ্যাড ও ম্যাকবুক প্রো’সহ ভিশন প্রো হেডসেটের উন্নত ভার্সন বাজারে আনছে অ্যাপল।তিনটি ডিভাইসেই অ্যাপলের নতুন এম ফাইভ চিপ ব্যবহার করেছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
অ্যাপল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত কাজের পারফরমেন্স উন্নত করার জন্য বিশেষভাবে তৈরি এই নতুন চিপ বিভিন্ন ডিভাইসকে আরও স্মার্ট ও শক্তিশালী করে তুলবে।উল্লেখ্য এর আগে কখনও আপডেট পায়নি অ্যাপলের ভিশন প্রো হেডসেট। এবারই প্রথম হেডসেটটি আপডেট করছে অ্যাপল। কোম্পানিটি এ অগমেন্টেড রিয়ালিটি বা এআর হেডসেটটি প্রথম বাজারে আনার ঘোষণা করে ছিল ২০২৩ সালের গ্রীষ্মে। গত বছরের শুরুর দিকে আমেরিকাতে প্রথম বাজারে আসে হেডসেটটি।হেডসেটটির নতুন আপডেটে এম টু চিপের জায়গায় নতুন এম ফাইভ চিপ ব্যবহার করেছে অ্যাপল। ফলে, বিভিন্ন অ্যাপের পারফরমেন্স বা গতি ও কার্যসক্ষমতা আরও ভালো এবং গ্রাফিক্স বা ছবির মান উন্নত হবে।নতুন আপডেটের মাধ্যমে হেডসেটের ক্যামেরা ও ডিসপ্লের মাধ্যমে দেখা বাস্তব দুনিয়ার ছবিও আগের চেয়ে আরও স্পষ্ট ও বাস্তবসম্মতভাবে দেখা যাবে।নতুন চিপের পাশাপাশি অ্যাপল বলেছে, হেডসেটটির সঙ্গে নতুন একটি ব্যান্ডও দেবে তারা।
ডুয়াল নিট নামের নতুন ব্যান্ডটি আগের ব্যান্ডের তুলনায় আরও আরামদায়কভাবে মাথায় মানিয়ে যাবে।একই এম ফাইভ চিপ এখন থাকবে ১৪-ইঞ্চি ম্যাকবুক প্রো ও নতুন আইপ্যাড প্রোতেও।
