পরীক্ষায় বেনিয়ম এবং প্রশ্নফাঁস রুখতে নয়া আইন

0
169
PARIKSHA A BENIYOM EBONG PROSNAPATRA FAS RUKHTE NOYA AIN
PARIKSHA A BENIYOM EBONG PROSNAPATRA FAS RUKHTE NOYA AIN
দেশের বিভিন্ন প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেনিয়ম এবং প্রশ্নফাঁস রুখতে নয়া আইন কার্যকর করার কথা ঘোষণা করেছে সরকার। আইন অনুযায়ী ৩ থেকে ১০ বছরের সাজা ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
সূত্রের খবর, কোনও ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়লে, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হবে। দোষী প্রমাণিত হলে ন্যূনতম তিন বছর, সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে। সঙ্গে দিতে হতে পারে ১০ লক্ষ টাকা জরিমানা। যদি কোনও নিয়ামক সংস্থা বা আয়োজক সংস্থা পরীক্ষা প্রক্রিয়ায় জালিয়াতি হচ্ছে জেনেও চুপ থাকে, তা হলে তাদের ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, নিয়ামক সংস্থার কোনও উচ্চপদস্থ আধিকারিক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তা হলে তাঁর ন্যূনতম তিন বছরের সাজা হবে। সর্বাধিক ১০ বছরের জেল এবং ১ কোটি টাকার জরিমানা হতে পারে। আর যদি পরীক্ষা কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার তরফে কোনও ব্যক্তি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তা হলে ন্যূনতম পাঁচ বছর এবং সর্বাধিক ১০ বছরের সাজা হতে পারে। সঙ্গে জরিমানা করা হতে পারে ১ কোটি টাকা।সরকারি বিজ্ঞপ্তিতে ‘ভারতীয় ন্যায় সংহিতা’র উল্লেখ থাকলেও জানানো হয়েছে, তা কার্যকর না হওয়া পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ধারাগুলিই এই আইনের ক্ষেত্রে কার্যকর থাকবে। উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ কার্যকর হওয়ার কথা।