
লাইভ ভিডিও সংরক্ষণ নিয়মে পরিবর্তন এনেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। এখন থেকে লাইভ ভিডিওগুলো মাত্র ৩০ দিন সংরক্ষিত থাকবে। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে।এর আগে, লাইভ ভিডিওগুলো অনির্দিষ্টকালের জন্য সংরক্ষিত রাখা যেত। তবে আজ থেকে ৩০ দিনের বেশি পুরোনো সব লাইভ ভিডিও মুছে ফেলার জন্য চিহ্নিত করা হবে।
তবে ফেসবুক জানিয়েছে যে, পুরোনো লাইভ ভিডিও মুছে ফেলার আগে ইউজাররা একটি নোটিফিকেশন পাবেন। যেখানে ৯০ দিন সময় দেওয়া হবে পুরোনো ভিডিও সংরক্ষণ, স্থানান্তর বা রূপান্তর করার জন্য।ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, এই পরিবর্তন তাঁদের স্টোরেজ নীতিকে ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করবে এবং ফেসবুকের লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও উন্নত করবে।যদি ইউজাররা আরও সময় চান, তাহলে তারা ভিডিও মুছে ফেলার সময় ৬ মাস পর্যন্ত পেছাতে পারবেন। তবে যদি ৬ মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো মুছে ফেলবে এবং পরে তা পুনরুদ্ধার করার কোনো উপায় থাকবে না।তবে ফেসুবকের লাইভ ভিডিও সংরক্ষণের জন্য ইউজারদের জন্য তিনটি বিকল্প রেখেছে মেটা কর্তৃপক্ষ।
প্রথমতঃ ইউজাররা নিজেদের লাইভ ভিডিওগুলো নিজেদের ডিভাইসে সংরক্ষণ করতে পারবেন ডাউনলোড করে। দ্বিতীয়তঃ ভিডিওগুলো গুগল ড্রাইভ বা ড্রপ বক্স-এর মতো ক্লাউড স্টোরেজে স্থানান্তর করা যাবে। আর তৃতীয়ত, ইউজাররা চাইলে লাইভ ভিডিওর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফেসবুক রিলসে রূপান্তর করে সংরক্ষণ করতে পারবেন।









