
লাদাখে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬ হাজার ফুট উচ্চতায় রয়েছে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটি দৌলত বেগ ওল্ডি। এ বার দ্রুত সেনা মোতায়েনের উদ্দেশ্যে সেখানে পৌঁছবার বিকল্প সড়ক তৈরি করছে নয়াদিল্লি। ২০২০ সালের জুন মাসে চিনের সঙ্গে সংঘর্ষের আবহে দৌলত বেগ ওল্ডিতে পৌঁছনোর বিকল্প পথ তৈরি শুরু করেছিল বর্ডার রোডস অর্গানাইজেশন।
নতুন রাস্তাটি লাদাখের রাজধানী লেহ্ থেকে দৌলত বেগ ওল্ডির দূরত্ব ৭৯ কিলোমিটার কমিয়ে আনবে। যাত্রার সময় দু’দিন থেকে কমে দাঁড়াবে মাত্র ১১-১২ ঘন্টা। বর্তমানে দারবুক-শিয়োক-ডিবিয়ো রাস্তাটি অনেক জায়গাতেই এলএসি ছুঁয়ে গিয়েছে। ফলে তা ঝুঁকিপূর্ণ বলেই মনে করে সেনা।
নতুন রাস্তাটিতে চিনা নজরদারির বা ঝটিকা হামলার মতো ঝুঁকি থাকবে না। সেনা সূত্রের খবর, আগামী বছর থেকেই চালু হয়ে যাবে নতুন ওই পথ।লেহ্-সাসোমা-সাসের লা-সাসের ব্রাংসা-গাপশান-ডিবিও ১৩০ কিলোমিটার দীর্ঘ নতুন রুটটি ভারী সামরিক সরঞ্জাম পরিবহণেও উপযোগী হবে।
