
এবার পহেলগামে ঘুরতে গেলে আর অচেনা গাইড বা ঘোড়াওয়ালার উপর চোখ বন্ধ করে ভরসা করতে হবে না। মোবাইলে এক স্ক্যানেই জানা যাবে তাঁর আসল পরিচয়, ঠিকানা থেকে শুরু করে পুলিশ ভেরিফিকেশন, সব তথ্য।
গত বছরের ভয়াবহ জঙ্গি হামলার পর পর্যটকদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কাটাতেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এতে পর্যটকরা নিশ্চিন্ত ঘুরতে পারবেন বলেই আশাবাদী প্রশাসন।এই কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র ব্যবস্থা চালু হয়েছে পহেলগামের বিভিন্ন পর্যটন পরিষেবা প্রদানকারীদের জন্য।পনি-রাইড অপারেটর থেকে শুরু করে স্থানীয় দোকানদার, হকার বা বাইরের রাজ্য থেকে আসা বিক্রেতা- সবারই বিস্তারিত যাচাই করা হয়েছে পুলিশের মাধ্যমে। তারপরই তাদের একটি ইউনিক কিউআর কোড দেওয়া হয়েছে।পর্যটকরা যখন কোনও পরিষেবা নিতে যাবেন, তখন ওই ব্যক্তির কিউআর কোড স্ক্যান করলেই মোবাইলে ভেসে উঠবে তাঁর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কাজের এলাকা এবং পুলিশ ভেরিফিকেশনের তথ্য। ফলে কোনও অচেনা ব্যক্তির উপর ভরসা করার আগে সহজেই তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে। এতে প্রতারণার সম্ভাবনা যেমন কমবে, তেমনই নিরাপত্তাও বাড়বে।প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই ব্যবস্থা মূলত পর্যটকদের আস্থা ফেরাতেই নেওয়া হয়েছে। গত বছরের এপ্রিল মাসে বৈসরণী ভ্যালিতে জঙ্গি হামলায় ২৫ জন পুরুষ পর্যটক ও এক স্থানীয় পনি-রাইড চালকের মৃত্যু হয়েছিল।
সেই ঘটনার পর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। এবার সেই পরিস্থিতি কাটিয়ে পর্যটনকে আবার চাঙ্গা করতে চাইছে প্রশাসন।








