
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপের আগে রেফারিংয়ে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি,ভিএআর এমন কিছু নতুন ক্ষমতা পেতে যাচ্ছে, যা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফলাফলই বদলে দিতে পারে।
বিশ্ব ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ,ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, বা, আইএফএবি ঘোষণা করেছে, এখন থেকে কর্নার বা ফ্রি-কিক নেওয়ার ঠিক আগে আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় স্পষ্ট ফাউল করলে এবং সেই ফাউলের সরাসরি প্রভাব গোল, পেনাল্টি বা শাস্তিমূলক সিদ্ধান্তে পড়ে, তাহলে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। এদিকে এতদিন বল খেলার মধ্যে না আসা পর্যন্ত এমন অনেক ঘটনা ভিএআর-এর আওতার বাইরে থাকত। কিন্তু নতুন নিয়মে পরিস্থিতি বদলে যাচ্ছে। যদি ভিএআর মনে করে ফাউলটি স্পষ্ট এবং সেটির কারণে গোল বা অন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, তাহলে অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ করা হবে। রেফারি ভিডিও দেখে নিশ্চিত হলে গোল বাতিল হতে পারে, প্রয়োজনীয় কার্ড দেখানো হবে এবং কর্নার বা ফ্রি-কিক পুনরায় নেওয়ার নির্দেশ দেওয়া হবে।বিশ্বখ্যাত প্রাক্তন ইতালিয়ান রেফারি এবং বর্তমানে ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ারলুইজি কলিনা এই পরিবর্তনের পক্ষে জোরালো যুক্তি দিয়েছেন।তিনি উদাহরণ হিসেবে চলতি বছরের মার্চে ইংল্যান্ড ও উরুগুয়ের প্রীতি ম্যাচের একটি গোলের কথা তুলে ধরেন।সেই ম্যাচে কর্নার নেওয়ার আগে ইংল্যান্ডের মিডফিল্ডার অ্যাডাম হোয়ার্টন উরুগুয়ের ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসকে ব্লক করেছিলেন বলে অভিযোগ ছিল।পরে বেন হোয়াইট গোল করেন। নতুন নিয়ম কার্যকর থাকলে সেই গোলটি বাতিল হতে পারত বলে মনে করেন কলিনা।
তার ভাষায়, এ ধরনের গোলকে বৈধ বলা যায় না। যদি বল খেলায় আসার ঠিক আগে স্পষ্ট ফাউল হয়, তাহলে সেটি উপেক্ষা করার কোনো কারণ নেই।








