
ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ফর্মে জোড়া হয়েছে নতুন বিভাগ। ফর্ম ৬-এর অনলাইন সংস্করণে আবেদনকারীর বাবা-মায়ের এসআইআর সংক্রান্ত তথ্য চাওয়া হচ্ছে।
এমনটাই দাবি করা হয়েছে। এখনও ফর্ম ৬-এর মুদ্রিত -অফলাইন সংস্করণে ওই বিভাগ পাওয়া যায়নি। তবে এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি বাবা-মায়ের এসআইআর সংক্রান্ত তথ্য না দিলে সন্তানের নামও ভোটার তালিকায় উঠবে না? নির্বাচন কমিশনের তরফে এখনও এর কোনও ব্যাখ্যা মেলেনি। দেশের ১০ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর তালিকা থেকে ইতিমধ্যে বাদ গিয়েছে ৫.৫৮ কোটির বেশি নাম। এর মধ্যে মৃত, নিখোঁজ, স্থানান্তরিত ভোটারেরাও আছেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় অনেকের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে। ২৭ লক্ষ মানুষ ভোটই দিতে পারেননি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে। তাঁদের আবেদন ট্রাইবুনালে বিবেচনাধীন।
অনলাইনের ফর্ম ৬-এ নতুন বিভাগ জোড়ার পর প্রশ্ন—এই বাদ পড়া বা বিবেচনাধীন ভোটারদের সন্তানেরা ভোটার তালিকায় নাম তোলার সুযোগ কি আদৌ পাবেন?নির্বাচন কমিশনের ইসিআইনেট পোর্টালে ফর্ম ৬-এর অনলাইন সংস্করণে শনিবার পর্যন্ত দেখা গিয়েছে, জে এবং কে বিভাগের মাঝে ঘোষণাপত্র নামের একটি বিভাগ যুক্ত করা হয়েছে। সেখানেই আবেদনকারীর বাবা-মায়ের তথ্য চাওয়া হচ্ছে।
