
উত্তর কলকাতার শ্যামপুকুর থানার অন্তর্গত ডিসপেনসারি লেনে এক মহিলার দেহ উদ্ধার হয়। সঙ্গে মেলে সুইসাইড নোট।
সেই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না মহিলার স্বামীর। শেষমেশ রবিবার রাতে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলা পূজা পুরকাইত। রবিবার রাতে তাঁর স্বামী সুমিত পুরকাইত থানায় আত্মসমর্পণ করেছেন। সুমিত পুলিশকে জানিয়েছেন, স্ত্রীর আত্মহত্যা’র পর তাঁরও আত্মহত্যা করার পরিকল্পনা ছিল। তাই তিনিই সুইসাইড নোটটি লিখেছিলেন। কিন্তু পরে আত্মহত্যার পরিকল্পনা বাতিল করে থানায় আত্মসমর্পণ করেন তিনি। শনিবার শ্যামপুকুরের বাড়িতে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় পূজার দেহ। দ্রুত তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, আত্মহত্যা করেছেন ওই যুবতী। তবে মেয়ের আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ ছিলেন পূজার মা। তিনি অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। শুরু হয় তদন্ত।
সেই আবহেই এ বার থানায় আত্মসমর্পণ করেছেন সুমিত। স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এই সন্দেহে খুন করা হয়েছে পূজা পুরকায়েতকে, খবর পুলিশ সূত্রে।




