
জম্মু-কাশ্মীরে শেষ দফা নির্বাচনের আগে রিয়াসিতে পূণ্যার্থীদের বাসে হামলা চালানো জঙ্গিদের খোঁজে তৎপর হয়েছে এনআইএ। শুক্রবার রাজৌরি এবং রিয়াসি জেলার সাতটি গোপন ঠিকানায় হানা দিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।
লোকসভা ভোটপর্ব মেটার পরে ৯ জুন রিয়াসিতে ওই হামলার ঘটনা ঘটেছিল। শিবখোদা মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সেই সময়েই হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার জেরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়। যার জেরে ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের ছায়া সংগঠন কাশ্মীর টাইগার ওই হামলা চালিয়েছিল বলে কয়েকটি খবরে দাবি করা হয়। হামলার এক সপ্তাহ পরে ১৭ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর রিয়াসি নাশকতার তদন্তের দায়িত্ব দিয়েছিল এনআইএ-কে। ঘটনাচক্রে, বিধানসভা ভোটপর্বের মাঝেই তিন মাস আগের সেই নাশকতার তদন্তে সক্রিয় হল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ।








