
মালদার মোথাবাড়িতে বিচারকদের হেনস্থা, বিডিও অফিসে তাণ্ডব এবং রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর ঘটনায় নতুন করে ১৫ জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, সোমবার গভীর রাতে কালিয়াচক এবং মোথাবাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামে এনআইএ। সেই অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। এ মাসেই সুপ্রিম কোর্ট এনআইএ-কে নির্দেশ দিয়েছিল দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে হবে। দু’মাস সময়ও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত ওই মামলার শুনানিতে জানিয়েছিলেন, এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা আপাতত অব্যাহত থাকবে।
যাঁদের ক্ষেত্রে হুমকির আশঙ্কা নেই বলে পুলিশ-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করবেন, তাঁদের নিরাপত্তা তুলে নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ করা যাবে। ১১ মে সুপ্রিম কোর্টে এই মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল এনআইএ।





