
বেঙ্গালুরুতে নাশকতা ছড়ানোর ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত লস্কর-ই-তইবার জঙ্গি সলমন রহমান খানকে ইন্টারপোলের সাহায্যে দেশে ফেরাচ্ছে এনআইএ ।
রোয়ান্ডার প্রশাসন অভিযুক্ত জঙ্গিকে প্রত্যার্পণ করেছে এনআইএ-র হাতে। লস্কর-ই-তইবার জঙ্গি সলমন রহমান ভারত থেকে পালানোর পর আশ্রয় নিয়েছিলেন পূর্ব আফ্রিকার ওই দেশে। বেঙ্গালুরুর জেলে জঙ্গি নাশকতার ছকে তাঁর যোগ পাওয়া গিয়েছে। একটি পকসো মামলায় ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বেঙ্গালুরুর জেলে বন্দি ছিলেন সলমন রহমান। সেই সময়েই ফাঁসির সাজাপ্রাপ্ত জঙ্গি নাসিরের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সূত্র ধরেই জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগ শুরু হয় বলে সন্দেহ গোয়েন্দাদের।ইন্টারপোল, রোয়ান্ডা ইনভেস্টিগেশন ব্যুরো এবং অন্য তদন্তকারী সংস্থাগুলির যৌথ উদ্যোগে বুধবার রোয়ান্ডার রাজধানী কিগালি থেকে গ্রেফতার করা হয় সলমন রহমানকে।
বৃহস্পতিবার সকালে তাঁকে ভারতের কাছে প্রত্যার্পণ করা হয়েছে। ওই জঙ্গি বর্তমানে এনআইএর হেফাজতে রয়েছে। ২০২০ সাল থেকে এই নিয়ে ১৭ জন জঙ্গিযোগে অভিযুক্তকে দেশে ফেরত আনার ব্যবস্থা করেছে এনআইএ।
