
প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দিয়েছে এনআইএ। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকতের বাড়িতে যান এনআইএ-র আধিকারিকেরা।
শুরু হয় তল্লাশি অভিযান। শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শওকত মোল্লা বাড়িতে নেই। তাঁর পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। শওকত-র স্ত্রী এবং কন্যাও সেখানে রয়েছেন। মৌখালিতে শওকত-পুত্র ইমরানের একটি ক্যাফেতেও গিয়েছেন এনআইএ-র আধিকারিকেরা। এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তের সূত্রেই এই তল্লাশি অভিযান। বিধানসভা ভোটের কিছু দিন আগেই ওই বোমা বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েক জন আহত হয়েছিলেন।
নওশাদ সিদ্দিকির দল আইএসএফ-এর তরফে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল। পরবর্তী সময়ে এই তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ। আগেই ওই বোমা-কাণ্ডের তদন্তে তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছিল এনআইএ।
