
পহেলগাঁওয়ে জঙ্গিহানার নেপথ্যে হাত ছিল ১৯৯৯ সালে কান্দাহার বিমান অপহরণের ঘটনায় সম্পর্কিত মুস্তাক আহমেদ জারগারের। এনআইএ তদন্তে এমনই চাঞ্চল্যকর নয়া মোড় উঠে এসেছে। এনআইএ সূত্রে খবর, পহেলগাঁও কাণ্ডে যোগ থাকতে পারে মুজাহিদিনেরও। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এনআইয়ের দাবি, পহেলগাঁওয়ে ওভার গ্রাউন্ড ওয়ার্কার-দের গোপনে সাহায্য করেছিলেন মুজাহিদিনের সদস্যেরা।
গত কয়েক দিন ধরে সন্দেহভাজনদের টানা জিজ্ঞাসাবাদে এমনটাই জানা গিয়েছে। গোটা ঘটনায় আড়াল থেকে মদত জুগিয়েছিলেন মুস্তাক এবং মাসুদ আজহারও। মুস্তাক ও মাসুদ পঁচিশ বছর আগে কন্দহরে যাত্রিবাহী বিমান অপহরণের পর ভারত সরকার ছাড়তে বাধ্য হয়েছিল। সেই থেকে পাকিস্তানেই দুই জঙ্গি। মুস্তাক আদতে শ্রীনগরের বাসিন্দা।
তাই সেখানকার স্থানীয় সন্ত্রাসবাদীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে তদন্তকারীদের সূত্রে খবর। ২০২৩ সালে জাতীয় তদন্তকারী দল তাঁর বাড়িটি বাজেয়াপ্ত করে। তাঁর সংগঠন মুজাহিদিনও ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ বলে ঘোষিত হয়।
