
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার ২২ এপ্রিলের পর্যটক হত্যাকাণ্ড নিয়ে নাগরিকদের কাছে তথ্য চেয়েছে এনআইএ।
এনআইএ তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় পহেলগাঁও সন্ত্রাস নিয়ে তথ্য দেওয়ার জন্য দু’টি ফোন নম্বরও দিয়েছে। ওই নাশকতার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থাটির তরফে ওই এলাকায় হাজির পর্যটক এবং স্থানীয় জনগণের কাছে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে আরও তথ্য, ছবি বা ভিডিয়ো থাকলে অবিলম্বে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে। পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত যে সব ভিডিয়ো ফুটেজ হাতে এসেছে এবং প্রত্যক্ষদর্শীরা যে বয়ান দিয়েছেন, সেই সব তথ্যের ভিত্তিতে ঘটনার পুনর্নির্মাণ করেছে এনআইএ।
সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় তিন হাজার জনকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। দেড়শোরও বেশি সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থাটি।
