
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত সমীর গুহ-র বেহালার সখেরবাজারের বাড়িতে গিয়েছে এনআইএ। শনিবার সকালে এক মহিলা সহ এনআইএ ৩ অফিসার সমীর গুহ-র বাড়িতে পৌঁছন।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দিন ঠিক কি ঘটেছিল। কতজন জঙ্গি ছিল। তারা কি বলছিল। কীভাবে গুলি চালালো। সবটাই স্ত্রী এবং তাঁর মেয়ের কাছ থেকে জেনেছেন গোয়েন্দারা। বয়ান রেকর্ড করা হয়েছে তাঁদের। স্ত্রী শর্বরী ও মেয়েকে নিয়ে পহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছিলেন সমীর গুহ। ২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে ২৬ জন নিহত হন। এরপরেই এই ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএকে। নিহতদের মধ্যে বেহালার সমীর গুহও ছিলেন। এছাড়াও বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্রও রয়েছেন। আগেই সমীর গুহ-র স্ত্রী জানিয়েছিলেন হামলার কিছু আগে ছবি তুলেছিলেন। তারপর চেয়ারে বসে খাওয়াদাওয়া করছিলেন। তখনই গুলির আওয়াজ শুনতে পান। কিছু বোঝার আগেই জঙ্গিরা সামনে চলে আসে। সমীরকে দেখতে পেয়েই গুলি চালিয়ে দেন।
পরে বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়িতেও গিয়েছেন এনআইএ-র অফিসাররা। সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা এনআইএ অফিসারদের শোনান বিতানের স্ত্রী সোহিনী। তারও বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী অফিসাররা।






