
রাত ১২টা বাজলেই আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না। স্মার্টফোনের পর্দায় একটানা ভিডিও দেখাও বন্ধ হয়ে যাবে।কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ও ঘুমের ঘাটতি মেটাতে এমনই এক অভিনব কারফিউ চালু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার।
ব্রিটেন সরকার জানিয়েছে, ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে এই রাতের কারফিউ দেওয়া হবে। নিয়ম অনুযায়ী, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত তারা এসব অ্যাপ ব্যবহার করতে পারবে না। তবে কেউ চাইলে সেটিংস পরিবর্তন করে নিতে পারবে।এছাড়া ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করা বা একের পর এক ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলার ফিচারগুলোও বন্ধ থাকবে। ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ করার পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন নিয়ম আনা হচ্ছে।দেশটির প্রযুক্তি মন্ত্রী লিজ কেন্ডাল বলেছেন, এই পদক্ষেপের ফলে ছেলেমেয়েরা পর্যাপ্ত ঘুমাতে পারবে।তারা স্কুল-কলেজের পড়াশোনায় বেশি মন দিতে পারবে এবং পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটাবে।সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে,এ ধরনের বিধিনিষেধ কিশোরদের ঘুম, মনোযোগ ও স্বাস্থ্যের দারুণ উন্নতি করে।বিশেষ করে রাতের কারফিউ মানা পরিবারের জন্য বেশ সহজ এবং এটি ভালো ঘুমের জন্য সবচেয়ে বেশি কাজে দেয়।এই নতুন নিয়মের খসড়া চলতি বছরের শেষ দিকে ব্রিটেনের পার্লামেন্টে তোলা হবে।ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের বসন্তকাল থেকে এটি কঠোরভাবে কার্যকর হবে।শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে বিশ্বজুড়েই চিন্তা বাড়ছে।
অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছিল।কিন্তু বয়স প্রমাণের জটিলতায় তাদের সেই নিয়ম কার্যকর করা কঠিন হচ্ছে। অন্যদিকে, মানসিক ক্ষতির অভিযোগ ওঠায় গত মাসে আমেরিকায় গুগল ও টিকটক একটি বড় মামলা মীমাংসা করেছে।
