
কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। যারফলে শীতের আগে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ২৫টি-র বেশি পরিবার। শুক্রবার গভীর রাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে।
ভস্মীভূত হয়ে পড়েছে অন্ততপক্ষে ৫ টি কাঠের গোলা। আগুন ছড়িয়ে পড়ে আসেপাশের বসতি এলাকাতেও। সেখানেই কাঠের গোলার কাজ করা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা তাঁদের পরিবার নিয়ে থাকতেন। আগুন লাগার ফলে তাঁদের মাথার ছাদটুকু খুইয়ে ফেলেছেন। সবকিছু খুইয়ে কার্যত দিশেহারা অবস্থা সর্বস্ব হারানোর পরিবারগুলি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, প্রায় ২৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু ও রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন শশী পাঁজা। তাঁদের পুনর্বাসনেরও আশ্বাস দিয়েছেন তিনি।
ছবি সৌজন্যে : নিজস্ব
