
পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এশিয়ার বিভিন্ন দেশে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঠেকাতে থাইল্যান্ড ও নেপালের মতো দেশগুলো তাদের বিমানবন্দর ও সীমান্ত পয়েন্টগুলোতে কড়া নজরদারি এবং স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে।
থাইল্যান্ড বিশেষ করে ব্যাংকক এবং ফুকেট বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করার পাশাপাশি তাদের স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণাপত্র সংগ্রহ করছে।একইভাবে নেপালও কাঠমান্ডু বিমানবন্দরসহ ভারতের সাথে সংযুক্ত স্থল সীমান্তগুলোতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এমনকি তাইওয়ান কর্তৃপক্ষ নিপাহ ভাইরাসকে তাদের জনস্বাস্থ্যের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ,ক্যাটাগরি ফাইভ রোগ হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে।উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি হাসপাতাল সংক্রমণে পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন। এদিকে,বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে কোভিড-১৯ এবং জিকার মতো শীর্ষ দশটি অগ্রাধিকারমূলক রোগের তালিকায় রেখেছে। এর প্রধান কারণ হলো, এই রোগের মৃত্যুর হার অনেক বেশি ,৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত এর কোনো কার্যকর টিকা বা সুনির্দিষ্ট ওষুধ আবিষ্কৃত হয়নি।
১৯৯৮ সালে মালয়েশিয়ায় প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয়। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে এর প্রকোপ দেখা গেছে।









