
ঋণখেলাপের মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর ২৯ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সিটির মুম্বই আঞ্চলিক দফতরের তরফে জানানো হয়েছে, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন, ২০২২-এ এই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডির অভিযোগ অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-এর সঙ্গে সব মিলিয়ে প্রায় সাত হাজার কোটি টাকার প্রতারণা করেছেন নীরব মোদী। এখনও পর্যন্ত সব মিলিয়ে নীরব মোদীর চার হাজার কোটি টাকার বেশি অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আদালতের নির্দেশে কয়েকটি সম্পত্তি নিলাম করে প্রায় ৭১ কোটি টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে পিএনবিকে। বাকিগুলি নিলামের জন্য শুনানি চলছে। যদিও সেই প্রক্রিয়াতেও আইনি বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নীরব মোদী শিবির।প্রসঙ্গত, ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে লোন প্রতারণা মামলায় অভিযুক্ত হয়েছিলেন নীরব মোদী। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছেড়ে পালিয়েছিলেন। ২০১৯ সালে ব্রিটেনে গ্রেফতার করা হয়েছিল নীরব মোদীকে। সেই থেকে তিনি লন্ডনের জেলে বন্দি।
