
ভারত-আমেরিকার যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ নিসার-এর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে বুধবার বিকাল ৫টা ৪০ মিনিট নাগাদ।
নিসারই বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ যা দ্বৈত ফ্রিকোয়েন্সির রেডার ব্যবহার করে পৃথিবীর পরিবেশ ও বাস্তুতন্ত্র, বায়ুমণ্ডল, বনজঙ্গল, হিমবাহ, ভূকম্পন এবং প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করবে। ভূপৃষ্ঠে কয়েক মিলিমিটারের পরিবর্তনও ধরা পড়বে এই কৃত্রিম উপগ্রহে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে নাসা-ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার বা নিসার। জিএসএলভি-এমকে২ রকেটের মাধ্যমে মহাকাশে পৌঁছে দেওয়া হবে এই উপগ্রহকে। প্রায় ২৮০০ কেজি ওজনের এই উপগ্রহকে ৭৪৭ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে।
শীত-গ্রীষ্ম-বর্ষা কিংবা দিন-রাত নির্বিশেষে মহাকাশ থেকে পৃথিবীর উচ্চমানের ছবি তুলতে পারবে এই কৃত্রিম উপগ্রহ।




