
মিথ্যাচার এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের উপর বক্তৃতার সময় রাহুল বলেছিলেন, প্রধানমন্ত্রীকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বন্দোবস্ত করানোর জন্য বিদেশমন্ত্রীকে আমেরিকায় পাঠাবে না। সেই সঙ্গে বিরোধী দলনেতা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখের ভারতীয় ভূখণ্ডে চিনা ফৌজ অনুপ্রবেশ করেনি বলে দাবি করলেও ভারতীয় সেনাই সেই অভিযোগ খারিজ করেছে। দিল্লিতে বিধানসভা ভোটের আগে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সংসদে। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার বিকেলে রাহুলকে নিশানা করে এক্স পোস্টে লিখেছিলেন— বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর ২০২৪ সালের ডিসেম্বরের আমেরিকা সফর সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছেন৷ জয়শঙ্করের দাবি, বড়দিনের ছুটিতে তিনি আমেরিকা গেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথে প্রধানমন্ত্রী মোদীর জন্য আমন্ত্রণের বন্দোবস্ত করা তাঁর ওই সফরের উদ্দেশ্যে ছিল না।
পাশাপাশি, বিজেপির দাবি, লাদাখের যে অংশের কথা রাহুল বলতে চেয়েছেন, ষাটের দশকে যুদ্ধের সময় চিন তা দখল নিয়েছিল বলে সেনার তরফে জানানো হয়েছিল। কিন্তু ইচ্ছাকৃত ভাবে রাহুল তথ্য বিকৃত করেছেন।




