
শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়নে ১.৫ লাখ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি।
এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আগামী দু’বছরে দেশের উত্তর-পূর্ব অংশের পরিকাঠামোর আমূল বদলে দেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার।সবমিলিয়ে উত্তর-পূর্ব ভারতের পরিকাঠামো উন্নয়নে ৩ লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে।উত্তর-পূর্ব ভারতের পরিকাঠামোগত কাজ সিংহভাগই হয়ে গিয়েছে। বাকি কাজ চলছে ভাল সড়কের জন্য জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডে পর্যটন ব্যবসায় যথাক্রমে দুই এবং তিন গুণ বৃদ্ধি চোখে পড়েছে। উত্তর-পূর্বেও পর্যটন ব্যবসা তিন গুণ বাড়বে বলে আশাবাদী তিনি।নিতিন গডকরির দাবি, পর্যটন ক্ষেত্রে ৪৯ শতাংশ টাকাই কর্মসংস্থানের জন্য খরচ হয়। আগামী উত্তর-পূর্ব ভারতেও কর্মসংস্থা বাড়বে, দারিদ্র দূর হবে, কমবে বেকারত্বের যন্ত্রণা। পাশাপাশি, শিলং-শিলচর নতুন গ্রিন হাইওয়ে তৈরি করা হবে ১৫ হাজার কোটি টাকা খরচ করে। কাজিরাঙা এলিভেটেড করিডর তৈরিতে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের জন্য ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। খড়্গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত ১০ হাজার ৫০০ কোটি টাকার হাই স্পিড করিডর তৈরি করা হবে।
