
কোনওরকমের প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হতে চলেছেন বিজেপির বর্তমান কার্যকরী সভাপতি নিতিন নবীন। বিজেপি সূত্রের খবর অনুযায়ী, জে পি নাড্ডার জায়গা সম্ভবত নবীনই নিতে চলেছেন। কারণ, তাঁর প্রতি সমর্থন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহর।
তার কারণ, অন্য কারো এই লড়াইয়ে থাকার সম্ভাবনা প্রায় নেই। বিজেপির কেন্দ্রীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্ণণ দলের সাংগঠনিক নির্বাচনের যে সময়সূচি প্রকাশ করেছেন সেই অনুযায়ী, দলীয় সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে ১৯ জানুয়ারি দুপুর ২ টো থেকে ৪ টের মধ্যে। একই দিনে সন্ধে ৫টা থেকে ৬টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারও করা যাবে। ওইদিনই ৪ টে থেকে ৫টার মধ্যে মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে।
যদি নির্বাচনের প্রয়োজন পড়ে তাহলে তা হবে ২০ জানুয়ারি। একই দিনে দলীয়ভাবে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। অমিত শাহর পর জেপি নাড্ডাও প্রথমে বিজেপির কার্যকরী সভাপতি হিসাবে কাজ করেছিলেন ২০১৯-এর জুন মাসে। পরবর্তী সময়ে কোনও বিরোধিতা ছাড়াই ২০২০-র ২০ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন নাড্ডা।







