রাজ্যসভায় শপথ নিলেন নীতীশ

0
48
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

রাজ্যসভায় শপথ নিয়েছেন নীতীশ কুমার। তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। দিল্লিতে সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল-সহ অন্যান্যরা।

এদিকে দীর্ঘ দু’দশক পর নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে বিহার,সেইসঙ্গে শেষ হচ্ছে নীতীশ কুমার জমানা। সূত্রের দাবি, আগামী ১৪ এপ্রিল নীতীশ কুমার ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। আর তারপরই বিহারের মসনদে দেখা যাবে নতুন মুখ্যমন্ত্রীকে। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকেই বেছে নেওয়া হবে ওই পদের জন্য, এমনটাই দাবি। দিল্লিতে নীতীশের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনিও।

সেখানেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হবে বলে সূত্রের খবর। অন্যদিকে রাজ্যসভায় নীতীশ শপথ নিতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নীতীশ কুমার জি দেশের অভিজ্ঞ নেতাদের মধ্যে অন্যতম। সুশাসনের প্রতি তাঁর অঙ্গীকার সর্বত্র প্রশংসিত হয়েছে। বিহারের উন্নয়নে তিনি এক অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাঁকে আবারও সংসদে দেখতে পাওয়াটা অত্যন্ত আনন্দের হবে। তিনি বহু বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। আমি নিশ্চিত তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সংসদের মর্যাদা আরও বৃদ্ধি করবে। রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা।