
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে অন্তর্বতী রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্ট জানিয়েছে, ওই বিধানসভা কেন্দ্রে নির্বাচন শেষ না-হওয়া পর্যন্ত জাহাঙ্গিরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
বিচারপতি সুগত ভট্টাচার্যের নির্দেশ, তৃণমূল প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হোক। তদন্তে তিনি সহযোগিতা করবেন। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে যত এফআইআর দায়ের হয়েছে, সেগুলির ক্ষেত্রে রক্ষাকবচ মিলবে। আগামী ২৪ মে পর্যন্ত জাহাঙ্গিরের রক্ষাকবচ বহাল থাকবে।পুলিশ হাইকোর্টে জানিয়েছে, ফলতা থানায় জাহাঙ্গিরের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয় ৫ মে। ১০ মে তাঁর বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়। ১৫ মে জাহাঙ্গিরের বিরুদ্ধে পঞ্চম মামলাটি রুজু হয়। ভোটারদের ভয় দেখানো, কারচুপির মতো অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ওই মামলাগুলি থেকে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গির। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, ফলতায় ভোটের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে। হাইকোর্টে সোমবার সে কথাই জানিয়েছে পুলিশ।
এর পরেই কোর্ট বলেছে, এফআইআরের প্রতিলিপি সাত দিনের মধ্যে দিতে হবে পুলিশকে। ২৬ মে হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে পরবর্তী শুনানি রয়েছে।







