
মহারাষ্ট্রের বারামতীতে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু! আর সেই দিনই সুপ্রিম কোর্টে গত জুন মাসের এআই ১৭১ বিমান দুর্ঘটনা প্রসঙ্গ উত্থাপিত হল।
বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে সরকারের ভূমিকার প্রশ্ন তুললেন আইনজীবী প্রশান্ত ভূষণ। আইনজীবী জানান, এই মামলা শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বা এএআইবি-র তরফে কোনও জবাবি হলফনামা জমা দেওয়া হয়নি। তাঁর বক্তব্য, পাইলটদেরই বক্তব্য, এয়ারপ্লেনগুলো সুরক্ষিত নয়। এ ব্যাপারে তদন্তের প্রয়োজন।
খুব দ্রুত এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। গত বছর জুন মাসে এয়ার ইন্ডিয়ার ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান টেক অফের কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে। বিমানের ১২ জন ক্রু ও ২২৯ জন যাত্রীই মারা যান। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা হয়েছিল।
