
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশি সংবাদমাধ্যমের একটি অংশে প্রকাশিত খবরকে ভ্রান্ত ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে ভারতের বিদেশমন্ত্রক। । রবিবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ওই ঘটনায় হাইকমিশনের নিরাপত্তা ভাঙার কোনও চেষ্টাই হয়নি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর এক্স হ্যান্ডেলে সেই বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, ২০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়ে স্লোগান দেন। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতেই এই বিক্ষোভ হয় বলে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে – কোনও সময়েই হাইকমিশনের বেড়া ভাঙার চেষ্টা হয়নি বা নিরাপত্তা সংক্রান্ত কোনও প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সমস্ত বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায় ভারত কঠোরভাবে পালন করে।
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড় ভাবে নজর রেখেছে ভারত। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে উদ্বিগ্ন— তা তাঁদের জানানো হয়েছে। দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। ভারত সেই আবেদন জানিয়েছে।





