
সংরক্ষিত টিকিটে জালিয়াতি এবং অপব্যবহার রুখতে অনলাইন টিকিট বুকিংয়ে এ বার থেকে প্রথম ১৫ মিনিট আধার কার্ড বাধ্যতামূলক। আগামী ১ অক্টোবর থেকে রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি-র ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে টিকিট কাটতে গেলে এই নিয়ম মানতে হবে যাত্রীদের।
বুকিং চালু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যে আধার পরিচয়পত্র ছাড়া সংরক্ষিত আসনের টিকিট কাটা যাবে না। রেলের দাবি, এতে একদিকে যেমন জালিয়াতি রোখা যাবে, তেমনই ন্যায্য সুবিধা পাবেন প্রকৃত যাত্রীরাও। সে কারণেই এই পদক্ষেপ। রেলের কর্তারা জানিয়েছেন, কাউন্টার থেকে টিকিট বুকিংয়ের সময়ে আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না। অনুমোদিত এজেন্টদের ক্ষেত্রে টিকিট কাটার নিয়মও আগের মতোই রয়েছে। টিকিট কাটা শুরু হওয়ার প্রথম ১০ মিনিট সুযোগ পান না এজেন্টরা, যাতে সাধারণ যাত্রীরা অগ্রাধিকার পান।
সেই নিয়মেও কোনও নড়চড় হচ্ছে না। তবে এখন থেকে প্রথম ১৫ মিনিটের মধ্যে টিকিট কাটার জন্য যে কোনও যাত্রীর ক্ষেত্রেই আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক।
