কোনো সীমারেখা নেই, ইরান যুদ্ধের পর ট্রাম্প

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আমেরিকার ক্ষমতা খাটানোর ক্ষেত্রে কোনো সীমারেখা নেই। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী,এমন যুক্তি দিয়ে তিনি এই মন্তব্য করেছেন। 

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই সংঘাতের পর রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে তিনি কী শিক্ষা পেলেন? জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ক্ষমতার কোনো সীমা নেই। আমি এখনো তেমন কোনো সীমাবদ্ধতার শিক্ষা পাইনি। আমি জানি হয়তো সীমা আছে, কিন্তু বাস্তবে কোনো সীমারেখা নেই। আমরা সামরিকভাবে ইরানকে পুরোপুরি পরাজিত করেছি।একইসঙ্গে,নিজের সামরিক সিদ্ধান্তের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখন আমাদের। আমাদের মতো এমন নৌ-অবরোধ আর কে করতে পারত? আমি এমন এক নৌ-অবরোধ তৈরি করেছিলাম যার ভেতর দিয়ে একটি জাহাজও পার হতে পারেনি। কেউ কেউ চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। তাদের সেই চেষ্টা বেশি সময় টেকেনি।

উল্লেখ্য,চলতি সপ্তাহে আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি তেহরানের কাছ থেকে তার কাঙ্ক্ষিত নিঃশর্ত আত্মসমর্পণ কি না—এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, হ্যাঁ, এটি সম্ভবত আসলেই একটি নিঃশর্ত আত্মসমর্পণ। জোরালো এই যুদ্ধ-পরবর্তী দাবির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আবারও মধ্যপ্রাচ্য নীতি ও বিশ্ব রাজনীতিতে মার্কিন আধিপত্যের চরম বার্তা দিলেন।