লেবাননে যুদ্ধবিরতি ছাড়া কোনও চুক্তি নয়: ইরান

0
21
ছবি সৌজন্যে : এক্স

লেবাননে যুদ্ধবিরতি ছাড়া আমেরিকার সঙ্গে কোনও চুক্তি হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান।

দেশটি ঘোষণা করেছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে আমেরিকার সঙ্গে যেকোনও চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতি বজায় থাকা একটি অপরিহার্য শর্ত।একইসঙ্গে, এই মুহূর্তে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনও ধরনের আলোচনা চলছে না বলেও দাবি করেছে তেহরান। সোমবার সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানের এই অবস্থান স্পষ্ট করেছেন।ইসমাইল বাঘাই বলেছেন, জোরালোভাবে বলতে চান, যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে যেকোনও চুক্তিতে পৌঁছানোর জন্য লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা একটি আবশ্যকীয় শর্ত।উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি সময়ে লেবাননে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা উপেক্ষা করে ইসরায়েল সম্প্রতি তাদের সামরিক আগ্রাসন ও হামলা আরো জোরদার করেছে। বাঘাই জানিয়েছেন, লেবাননের নিরাপত্তা নিশ্চিত না করে কোনও চুক্তি হতে পারে না। একইসঙ্গে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি বা এর খুঁটিনাটি নিয়ে পর্দার আড়ালে কোনও আলোচনা চলছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেছেন, পারমাণবিক ফাইলের খুঁটিনাটি বিষয় নিয়ে এই মুহূর্তে কোনও আলোচনা বা দরকষাকষি হচ্ছে না। পরমাণু বিষয়ে কখন কী পদক্ষেপ নিতে হবে, তা ইরান ভালো করেই জানে। এই মুহূর্তে আমাদের একমাত্র এবং প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধ বন্ধ করা।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন,আমেরিকা নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি বলেছেন, সকালেও মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।