
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু’মুখো আচরণের কোনও জায়গা নেই। চিনের মাটিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-র সদস্যরাষ্ট্রগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে দাঁড়িয়ে নাম না-করে এই ভাষাতেই পাকিস্তানকে বিঁধেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বস্তুত, এসসিও-র সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পাকিস্তানও রয়েছে। এসসিও সম্মেলনে বক্তৃতায় রাজনাথ বলেছেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, আর্থিক মদতদাতা এবং হামলাকারীদের জবাবদিহি করতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দু’মুখো আচরণ বরদাস্ত করা যায় না। কিছু দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। তারা অন্য দেশে সন্ত্রাস ছড়ানোকে একটি নীতিগত অস্ত্র হিসাবে ব্যবহার করছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে শান্তি এবং নিরাপত্তার অভাব একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই সমস্যার মূলে রয়েছে মৌলবাদ, চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত। যারা সন্ত্রাসবাদকে নিজেদের সঙ্কীর্ণ স্বার্থপূরণের উদ্দেশ্যে প্রশ্রয় দেয় এবং ব্যবহার করে, তাদের এর পরিণতি ভোগ করতে হবে বলেও এসসিও সম্মেলনে হুঁশিয়ারি দেন রাজনাথ সিং।
