
প্রতিবছর ২১ জুলাইয়ের সঙ্গে এবছরের আর পাঁচটা দিনের কোনও ফারাক নেই। হাওড়া স্টেশন চত্বরে মঙ্গলবার সকাল থেকে বাড়তি ভিড় চোখে পড়ল না। একই অবস্থা ফেরিঘাটেরও। ২১ জুলাইয়ের সেই চেনা ছবিটা উধাও।
নেই কোন তৃণমূলের দলীয় গেট, ফেস্টুন অথবা পতাকা। বাজছে না লাউডস্পিকার। নেই কোনও অভ্যর্থনামঞ্চও। প্রতি বছর ২১ জুলাইয়ের আগের দিন থেকেই হাজার হাজার তৃণমূলকর্মী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসা শুরু করতেন।
তাঁদের বিভিন্ন ক্যাম্পে রাতে থাকাখাওয়ার ব্যবস্থাও করা হত। হাওড়া স্টেশনে তৃণমূলের পক্ষ থেকে তাঁদের স্বাগত জানানোর জন্য তৈরি হত অভ্যর্থনামঞ্চ। গোটা হাওড়া স্টেশন এলাকা তৃণমূলের পতাকা এবং ফেস্টুন দিয়ে মুড়ে ফেলা হত। কিন্তু এ বছর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ছবিটা সম্পূর্ণ আলাদা।
