
ত্রিপুরার বাঁধ থেকে জল ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি, বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ত্রিপুরার গোমতী নদীর উপরে তৈরি ডুম্বুর ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বন্যা হয়েছে, এই তথ্য সঠিক নয়।
সম্প্রতিই বাংলাদেশে ভারী বৃষ্টির জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেট, কুমিল্লা, ফেণী, লক্ষ্মীপুর সহ পূর্ব সীমান্ত লাগোয়া জেলাগুলি প্লাবিত হয়েছে। ওই বন্যা নিয়ে অভিযোগ তোলা হয়েছে যে ভারতের ডুম্বুর ব্যারেজ থেকে জল ছাড়ার কারণেই এই বন্যা হয়েছে। এই তত্ত্ব খারিজ করে দিয়েছে ভারত সরকার। ভারত জানিয়েছে,, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হয়েছে। মূলত বাঁধের নীচে দিকে জলের প্রবাহের কারণেই বাংলাদেশে এই বন্যা হয়েছে। কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে, যে ডুম্বুর ব্যারেজ-কে বন্যার কারণ বলে দোষারোপ করা হচ্ছে, তা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ৩০ মিটার উচ্চসম্পন্ন বাঁধ থেকে জলবিদ্যুত্ উত্পাদন করা হয়। বাংলাদেশও ত্রিপুরার এই বাঁধ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎপায় । ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে ৫৪টি নদী। এই নদীগুলিতে বন্যা দুই দেশেরই সমস্যা এবং দুই দেশের মিলিত সহযোগিতাতেই এই সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।








