
বেলডাঙার সাম্প্রতিক ঘটনার জেরে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি মিলেছে।
সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল-র ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের বক্তব্য শুনে জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সেই কারণে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আদালত আরও জানায়, দ্রুত শুনানি প্রয়োজন, এই যুক্তিতেই মঙ্গলবার মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে।
মঙ্গলবারই এই মামলার শুনানি হওয়ার কথা। আদালত সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেলডাঙার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট গুরুতর। স্থানীয় প্রশাসনের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা।
