
ভোটের হারের তথ্য প্রার্থী বা তার এজেন্টকে ছাড়া অন্য কাউকে জানানোর কোনও আইনি নির্দেশ নেই। সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্র কত ভোট পড়েছে, সেই সংক্রান্ত তথ্য সম্বলিত ফর্ম ১৭সি ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কমিশনের ওয়েবসাইটে আপলোড করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্ম। এই মামলায় ১৭ মে কমিশনকে নোটিস ইস্যু করে শীর্ষ আদালত। জানতে চাওয়া হয়, কেন নির্বাচন কমিশন ভোটার টার্নআউট বা কত ভোট পড়েছে, সেই তথ্য জানাতে পারছে না।এরপরেই কমিশনের তরফে ২২৫ পৃষ্ঠার হলফনামা দিয়ে জানানো হয়েছে, নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণের পর শুধুমাত্র প্রার্থী এবং তার এজেন্টকেই কত ভোট পড়েছে, সেই তথ্য সম্বলিত ফর্ম ১৭সি দেওয়ার আইনি বিধান রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই স্বেচ্ছাসেবী সংস্থা নির্বাচনের মাঝে সমস্যা তৈরির চেষ্টা করছে। নির্বাচন কমিশন স্বেচ্ছায় ভোটার টার্ন আউট বা ভোটের সংখ্যা অ্যাপ, ওয়েবসাইট ও বিভিন্ন প্রেস রিলিজের মাধ্যমে জানায়। নির্বাচন কমিশনের তরফে আইনজীবী মনিন্দর সিং ও আইনজীবী অমিত শর্মা আরও জানিয়েছেন, ভোট গ্রহণের দিন নির্বাচন কমিশনের তরফে ২ ঘণ্টার ব্যবধানে প্রাপ্ত ভোটের তথ্য জানায়। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই উদ্যোগ।








