
ভোট না দিলে তিনি টাকাও দেবেন না, প্রচার মঞ্চে দাঁড়িয়ে সরাসরি ফান্ডে’র উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
আগামী ২ ডিসেম্বরের মালেগাঁও পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে মহারাষ্ট্রে এই ঘটনা ঘটেছে। মালেগাঁও পুরসভা নির্বাচনের প্রচারে গিয়ে অজিত পাওয়ার ভোটারদের উদ্দেশে বলেছেন, ভোট না দিলে তিনিও টাকা দেবেন না। তিনি আরও প্রতিশ্রুতি দেন, যদি তাঁর দলের সব প্রার্থীকে জেতায় জনগণ, ফান্ডের কোনো অভাব হবে না। যা প্রতিশ্রুতি দিচ্ছেন সব করে দেবেন।
অজিত পাওয়ারের দল এনসিপি এই নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে ১৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অজিত পাওয়ারের এই মন্তব্য সামনে আসতেই জাতীয় রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। শিবসেনা-উদ্ধব নেতা আম্বাদাস দানভে সরাসরি অভিযোগ করেছেন যে, অজিত পাওয়ার ভোটারদের হুমকি দিচ্ছেন।
