
ফোন নম্বর প্রকাশ না করেই ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের নতুন সুবিধা চালুর পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হোয়াটসঅ্যাপকে বলেছে ভারত সরকার। আশঙ্কা, এই সুবিধা চালু হলে অনলাইন প্রতারণা, ফিশিং এবং পরিচয় জালিয়াতির ঘটনা বাড়তে পারে।
পাঠানো এক নোটিশে, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় হোয়াটসঅ্যাপকে বলেছে, সরকার সন্তুষ্ট না হওয়া পর্যন্ত নতুন সুবিধাটি যেন চালু না করা হয়। একই সঙ্গে কোম্পানিটির কাছে জানতে চাওয়া হয়েছে, এমন একটি সুবিধা চালুর কারণে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। এদিকে হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে,ইউজাররা নিজেদের জন্য একটি আলাদা ইউজারনেম সংরক্ষণ করতে পারবেন। আগামী কয়েক মাসে ধাপে ধাপে এই সুবিধা চালু হলে ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেম ব্যবহার করেই নতুন কারও সঙ্গে যোগাযোগ করা যাবে।ভারত সরকারের আশঙ্কা, এতে প্রতারকরা ফোন নম্বর গোপন রেখেই সম্ভাব্য ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।পাশাপাশি ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ইউজারনেম তৈরি করে পরিচয় জালিয়াতির ঘটনাও বাড়তে পারে।হোয়াটসঅ্যাপের মালিক কোম্পানি মেটার একজন মুখপাত্র বলেছেন, সুবিধাটি এখনো চালু হয়নি। এটি চলতি বছরের শেষ দিকে ধাপে ধাপে ওপেন করা হবে।মেটা বলছে,পরিচয় জালিয়াতি ঠেকাতে এতে শুরু থেকেই একাধিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।মেটা বলছে, জনপ্রিয় ব্যক্তি, সরকারি সংস্থা, তারকা এবং মেটার যাচাইকৃত অ্যাকাউন্টগুলোর গুরুত্বপূর্ণ ইউজারনেম আগেই সংরক্ষণ করে রাখা হয়েছে। ফলে সেগুলো কেবল প্রকৃত মালিকরাই ব্যবহার করতে পারবেন।
পরিচিত নামের সঙ্গে বিভ্রান্তি তৈরি করতে পারে, এমন মিলযুক্ত নামও সংরক্ষিত রাখা হয়েছে।কোম্পানিটি আরও বলেছে,ইউজারনেম ব্যবহার করলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে ফোন নম্বর লাগবেই।
