একটি ভাষা বললেই কাউকে বিদেশি বলা যায় না: সুপ্রিম কোর্ট

0
92
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
বাংলায় কথা বললেই বা কেন বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে? শুক্রবার একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছে। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে করা মামলার ভিত্তিতে শীর্ষ আদালতে চলছিল শুনানি। বিচারপতি সূর্যকান্ত, জয়মাল্য বাগচী এবং বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে ওঠে সেই মামলা।
শুক্রবার ওয়েলফেয়ার বোর্ডের প্রতিনিধি হিসাবে আদালতে সওয়াল করছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। কেন্দ্রের বিরুদ্ধে পুশব্যাক ইস্যুতে যুক্তি তৈরিতে তিনি তুলে ধরেন সোনালি বিবির কথা। বাংলার বীরভূমের বধূ সোনালি বর্তমানে দেশহীন। দিল্লিতে স্বামী-সন্তান নিয়েই থাকতেন। পরিযায়ী শ্রমিক হিসাবে সেখানে কাজ করতেন তারা। কিন্তু গত জুন মাসে তাদের আটক করে দিল্লি পুলিশ। ওই সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
আর সেই অবস্থায় তাদের ঠেলে দেওয়া বাংলাদেশে। এদিনের শুনানি পর্বে প্রশান্ত ভূষণের অভিযোগ, নাগরিক প্রমাণপত্র যাচাই না করে, শুধুমাত্র ভাষার ভিত্তিতে ওই মহিলাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এমনকি, এর আগে এই মামলায় নোটিস ইস্যু করলেও কেন্দ্রীয় সরকার কোনও জবাব দেয়নি বলেই দাবি করেছেন শ্রমিক সংগঠনের সওয়ালকারী।