
প্রশ্নফাঁস কাণ্ডের বিচারে এবার যুবসমাজকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
দিল্লিতে পড়ুয়া তথা গোটা যুবসমাজের বিক্ষোভ-আন্দোলনের আবহে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তার প্রেক্ষিতে যুবসমাজকে আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, তরুণদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, তা নিশ্চিত করাই মোদী সরকারের প্রধান অগ্রাধিকার এবং সংকল্প।
নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে অমিত শাহ লিখেছেন, যারা প্রশ্নপত্র ফাঁস করে দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপটি মাইলফলক হয়ে থাকবে। যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। যারা ছাত্র-যুবদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইবে, তারা কেউ রেহাই পাবে না। বৃহস্পতিবার সকালেই প্রশ্নফাঁস কাণ্ডে বিচারের দাবিতে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পর পাল্টা বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টি ও কংগ্রেসের তরফেও।
