
ইজরায়েলের আক্রমণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বেইরুট।
ইতিমধ্যে গোটা দেশে মৃতের সংখ্যা দুহাজার পেরিয়ে গিয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় ১২ লক্ষের বেশি মানুষ। গত ২ সপ্তাহে মৃত্যুর হার বেশি বলে জানিয়েছে লেবানন সরকার। লেবানন সরকারের অভিযোগ, সাধারণ মানুষের ওপরেই বেশি আক্রমণ হয়েছে। গত জুলাই মাস থেকে সংঘাত তীব্র হয়েছে ইজরায়েল ও হিজবোল্লার মধ্যে। ক্রমাগত হুঁশিয়ারি দেওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে লেবাননে আক্রমণের ধার বাড়িয়েছে ইজরায়েল। ২৭ সেপ্টেম্বর ইজরায়েল সেনার অভিযানে নিকেশ হয়েছে হেজবোল্লা প্রধান হাসান নাসারাল্লা। এর এক সপ্তাহের মধ্যে নাসরাল্লার উত্তরসূরি হাশেম সফিউদ্দিনকে লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আভিভ। লেবাননে ইজরায়েলি ফৌজের রক্তক্ষয়ী অভিযানে হিজবোল্লা সদস্যদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ। যুদ্ধের বলি হয়েছে নিষ্পাপ শিশুরাও। গাজারই যেন আর এক ছবি ফুটে উঠেছে লেবাননে। হাসপাতালগুলো উপচে পড়ছে আহতের ভিড়ে। রাস্তায় ছড়িয়েছিটিয়ে রয়েছে মৃতদেহ। চারদিকে শুধু গোলা-বারুদের কান ফাটানো আওয়াজ। প্রাণভয়ে দেশ ছেড়ে অন্যত্র পালাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই সিরিয়ায় যাচ্ছেন। অন্যদিকে, গাঁজাতে একইরকম আক্রমণের ঝাঁজ বজায় রেখেছে ইজরায়েল।
