
গাজায় যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস জানিয়েছেন, নির্বাচনে জিতলে আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েল নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কোনো পরিবর্তন করবেন না তিনি।
সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেছেন, গাজা যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে এবং পণবন্দীদের ফিরে পাওয়ার জন্য অবশ্যই চুক্তি করতে হবে।সাক্ষাৎকারে গাজার হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি নিয়ে জোর দিলেও কিভাবে এটি করা সম্ভব হবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি তিনি। অন্যদিকে গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় হাজার হাজার প্যালেস্টাইনির মৃত্যুর জেরে ডেমোক্রেটিক পার্টির একটি মহল দেশটিকে মার্কিন অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান করলেও তা প্রত্যাখ্যান করেছেন কমলা হ্যারিস।উল্লেখ্য নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নাটকীয়ভাবে প্রার্থী হওয়ার পর এটিই কমলার প্রথম সাক্ষাৎকার। এই নির্বাচনে কমলা হ্যারিসের প্রতিপক্ষ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।








