
এসএসসি মামলায় মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে অযোগ্যদের চিহ্নিতকরণে সিবিআই তদন্ত বহাল রেখেছে শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাইকোর্টের রায়ে সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি পর্ব শুরু হতে প্রথমেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপার নিউমেরারি পোস্টের উপর সিবিআই তদন্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে সওয়াল করে রাজ্য।রাজ্যের তরফে যুক্তি দেখানো হয়, সুপার নিউমেরারি পোস্টের মাধ্যমে অতিরিক্ত শূন্যপদে কোনও নিয়োগ হয়নি। ফলে সেখানে অযোগ্যদের ঢোকানোর কোনও প্রশ্নই ওঠে না। সব পক্ষের বক্তব্য শোনার পর এদিন সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ওই তদন্তে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




