
ফের নতুন করে উত্তপ্ত হল নয়ডা। মঙ্গলবার সকালে নয়ডার সেক্টর ৮০-তে নতুন করে অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় বলে অভিযোগ।
আহুজা কারখানার কর্মীরা মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন। তাঁদের অনেকের দাবি, সরকার যে পরিমাণ বেতন বৃদ্ধির কথা বলেছে, তাতে তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের আরও দাবি, কারখানার গেটের সামনে সরকার ঘোষিত বেতনের বৃদ্ধির হারের তালিকা টাঙাতে হবে। ইতিমধ্যেই অশান্তির ঘটনায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার পুরো শহরকে অচল করে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। রাস্তায় নেমেছিলেন ৪০-৪৫ হাজারেরও বেশি শ্রমিক। শহরের ৮০টি জায়গা জুড়ে অশান্তি ছড়িয়ে পড়েছিল। উত্তরপ্রদেশের সঙ্গে দিল্লি যোগাযোগকারী মূল রাস্তাগুলি বিক্ষোভ প্রদর্শনকারীরা স্তব্ধ করে দিয়েছিলেন। ফলে দিনভর ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।
প্রসঙ্গত , শ্রমিক বিক্ষোভে সোমবার উত্তাল হয়েছিল নয়ডা। সোমবার বিকেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের দফতর থেকে একটি বিবৃতি দিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়। সোমবার মধ্যরাতে নয়ডায় একটি বৈঠক হয়। ওই বৈঠকে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শ্রমিকদের দাবিদাওয়া এবং ক্ষোভের কথা শুনলেন উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধিরা। তাদের গঠিত কমিটির সদস্যেরা এবং শ্রমিক প্রতিনিধিরা। সংশ্লিষ্ট সব পক্ষই বৈঠকে যোগ দেয়। বৈঠকে একগুচ্ছ দাবিদাওয়ার কথা জানান শ্রমিক প্রতিনিধিরা।








